পাবনায়  নিষিদ্ধ শ্রমিক লীগের ২ নেতা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ১২:৪৯ এএম
পাবনায়  নিষিদ্ধ শ্রমিক লীগের ২ নেতা নিহত

হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে পাবনায় প্রতিপক্ষের গুলিতে শ্রমিক দল নেতা রিপন হোসেন ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম হাজি নিহত হয়েছেন।

 বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন জেলার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৫০) এবং পুষ্পপাড়া হাটের ইজারাদার ও পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম হাজি (৫৫)। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

এ বিষয়ে আতাইকুলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মনা জানান, নিহত রিপন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

পাবনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার জানান, নিহত সালাম হাজী পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। ২৪-এর ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করতে দেখেছি। কিন্তু দল থেকে পদত্যাগ করেননি।

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু বলেন, ‘নিহত রিপন দলের জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা মর্মাহত। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়টি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আশা করি শিগগির তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। এ ক্ষেত্রে দলের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আমরা করব।’

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্যমতে, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর গুলি বর্ষণ করে। দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা আরও তদন্ত করছি। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের খুঁজে বের করা হবে। বিস্তারিত পরে জানাতে পারব।’

Link copied!